ডেস্কটপ থেকেও হোয়াটসঅ্যাপের কল হিস্ট্রি
হোয়াটসঅ্যাপ এখন প্রায়ই নিত্য নতুন ফিচারের সঙ্গে তার ব্যবহারকারীদের পরিচয় করাচ্ছে। বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির দুই বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাই, নতুন-নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও সুমধুর করতে সদা তৎপর বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।
ডব্লিউএবেটাইনফো’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার কল হিস্ট্রি ট্র্যাক করার বৈশিষ্ট্য যোগ করছে তার ডেস্কটপ অ্যাপের জন্য। অর্থাৎ, ঠিক যেভাবে আপনি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে কল হিস্ট্রি চেক করতে পারেন, তেমনই এবার ডেস্কটপ থেকেও করতে পারবেন- যা এতদিন দেখা যেত না।
খবরে বলা হয়, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই মাইক্রোসফট স্টোরে উইন্ডোজ ২.২২৪৬.৪০ এর বেটা সংস্করণ প্রকাশ করেছে। এর মাধ্যমেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ থেকে কল হিস্ট্রি ম্যানেজ করতে পারবেন।
এদিকে হোয়াটসঅ্যাপ তার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য আরও একটি ফিচার নিয়ে আসছে, যার নাম স্ক্রিন লক। ব্যবহারকারীরা যখনই ডেস্কটপ থেকে অ্যাপটি খুলবেন, প্রতিবারই তাঁদের পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এর ফলে আপনার ডেস্কটপ থেকে যাতে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস না করতে পারেন, সেই বিষয়টি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।
ডিবিটেক/বিএমটি